News update
  • US Envoy Sergio Gor Meets PM Tarique Rahman in Dhaka     |     
  • Fifa Scraps World Cup Investment Plan After Member Backlash     |     
  • Dhaka Air Quality Remains Moderate, Ranks 18th Globally     |     
  • US urges global partners to increase contributions for Rohingyas     |     
  • 18 Rohingyas rescued after boat capsizes off Teknaf, many missing     |     

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু, নিয়ম জেনে নিন

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-08-01, 12:54pm

img_20260801_125344-12c3e71c0b8fc3943bbed9bf060b3f9e1785567274.jpg




সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি পেতে আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে ১৫ আগস্ট পর্যন্ত।
সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
যেসব বিষয়ে আবেদন করা যাবে— ১. বয়স্ক ভাতা; ২.বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা; ৩. প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি; ৪. অনগ্রসর জনগোষ্ঠীসমূহের ভাতা ও উপবৃত্তি; ৫. বেসরকারি নিবন্ধিত এতিমখানাসমূহের ছাত্রদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট। 
আবেদন যেভাবে— ১ থেকে ৪ নম্বর পর্যন্ত বিষয়ের জন্য এই লিংকে dss.bhata.gov.bd/online-application আবেদন করতে হবে। আর ক্যাপিটেশন গ্রান্ট-এর জন্য এই লিংকে https://mswservices.gov.bd/auth/login আবেদন করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক।
এছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না।
এছাড়া আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
সমাজসেবা অধিদপ্তরের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহের আওতা হালনাগাদকরণের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। সরকারের সামাজিক নিরাপত্তা-বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত ৫টি বিষয়ে ভাতা ও উপবৃত্তি কার্যক্রমসমূহে আবেদন করা যাবে।
আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত সময়সীমার মধ্যে যথাযথ তথ্যাদিসহ অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।
এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং মাঠপর্যায়ে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই কার্যক্রমে কোনো ধরনের কারিগরি সমস্যা দেখা দিলে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে।