News update
  • Migrant deaths climb sharply in 2026, new UN data shows     |     
  • Rainfall on the coast due to the effect of a low pressure     |     
  • Planting Krishna chura and Sonalu plants on roads to enhance Kuakata’s beauty     |     
  • Rizvi Named Acting BNP Secretary General After Fakhrul Resigns     |     
  • Mirza Fakhrul Nominated by BNP for Presidency     |     

আজিজ সুপার মার্কেট থেকে মেডিকেল শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-06-27, 7:12am

a45c0726bd71f9109421e29d813df0b40185fe1071d6d956-db4c4fe9da6a863b4a25665960c2bca01782522751.jpg




রাজধানীর শাহবাগে একটি বাসা থেকে ফারা ফেরদৌস নামের এক নারী মেডিকেল শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত তিন দিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না ওই শিক্ষার্থীর।

শুক্রবার (২৬ জুন) বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেট ভবনের একটি কক্ষের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তিন দিন ধরে পরিবারের সদস্যরা ফারার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। কোনো খোঁজ না পেয়ে পুলিশকে জানানো হলে শুক্রবার বিকেলে আজিজ সুপার মার্কেট ভবনের ওই কক্ষটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি।

শুক্রবার সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেন্সিক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে খবর পেয়ে ঢামেক হাসপাতালের মর্গে ওই মেডিকেল শিক্ষার্থীর বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত হন। তবে এই মর্মান্তিক ঘটনা নিয়ে গণমাধ্যমের সামনে তাদের কেউ কোনো তথ্য দিতে বা কথা বলতে রাজি হননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল থেকে সফলভাবে এমবিবিএস সম্পন্ন করেছিলেন। এরপর উচ্চতর ডিগ্রির পড়াশোনার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছিলেন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে শাহবাগ থানা পুলিশ।