
বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। প্রিয় দলের শিরোপা জয়ের সাক্ষী হতে বিশ্বের কোটি দর্শকের মতো বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও প্রস্তুত। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি থাকছে সংগীতানুষ্ঠান, নৃত্য, আলোকসজ্জা, বিনোদন ও দর্শক অংশগ্রহণমূলক নানা আয়োজন। সব মিলিয়ে ঢাকাজুড়ে বসছে বিশ্বকাপ ফাইনালের উৎসব।
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে রিশকা কানেক্টস ও টিকিফাই এক্সপেরিয়েন্স যৌথভাবে আয়োজন করেছে ‘ফাইনাল কিকঅফ’। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে সন্ধ্যা থেকেই দর্শকদের জন্য খুলে দেওয়া হবে প্রবেশদ্বার। ম্যাচ শুরুর আগে মঞ্চে পরিবেশনা করবেন প্রীতম হাসান, রক সংগীতশিল্পী ফিরোজ জং, ডিজে রিয়ন, ডিজে সাদমান, মিঠুন দাসসহ আরও অনেকে। থাকবে নৃত্য পরিবেশনাও। এরপর বিশাল পর্দায় সরাসরি দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল। এই আয়োজনে প্রবেশমূল্য রাখা হয়েছে ৭০০ টাকা।
মিলা, ব্যান্ড সংগীত আর গভীর রাত পর্যন্ত উৎসব
‘দ্য ফাইনাল হুইসেল’ শিরোনামে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ব্ল্যাক এক্স ফোর্স। খেলার পাশাপাশি এখানে থাকছে জনপ্রিয় সংগীতশিল্পী মিলার পরিবেশনা। আয়োজকেরা জানিয়েছেন, ফাইনাল শেষে শেষ হবে না অনুষ্ঠান। গভীর রাত পর্যন্ত চলবে ব্যান্ড ‘দ্য ব্রাউন বিটস’, জেসিয়া ইসলামসহ একাধিক শিল্পীর পরিবেশনা। দর্শকদের জন্য রাখা হয়েছে আলোকচিত্র তোলার বিশেষ স্থান, বিভিন্ন অংশগ্রহণমূলক খেলা এবং বিনোদনের ব্যবস্থা।
মিরপুরেও উৎসবের আমেজ
রাজধানীর মিরপুর-১ এলাকার এমআইএসটি টাওয়ারের মাঠেও বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে থাকছে বড় আয়োজন। রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে অনুষ্ঠান। ডিজে সারান ও ডিজে ওয়াহিদের পরিবেশনার পাশাপাশি থাকবে আলোকসজ্জা ও আতশবাজি। এরপর রাত ১টায় বিশাল পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে ফাইনাল। দর্শকদের জন্য থাকবে মুখে রঙ আঁকার ব্যবস্থা, আলোকচিত্র তোলার স্থান এবং বিশ্বকাপ ঘিরে নানা বিনোদন।
বনানীতেও ছয় দিনের উৎসবের সমাপনী
বনানীতে ‘ফ্যান ফেস্ট ২.০’-এর শেষ দিনটিও সাজানো হয়েছে বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে। সন্ধ্যা থেকেই শুরু হবে নানা আয়োজন। এতে বিশেষ পরিবেশনা দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক সংগীতশিল্পী, গায়ক ও ডিজে সঞ্জয় দেব। তাঁর পরিবেশনার পর বড় পর্দায় সরাসরি দেখানো হবে ফাইনাল। এই আয়োজনে প্রবেশমূল্য রাখা হয়েছে ৭০০ টাকা।
প্রেক্ষাগৃহ ও উন্মুক্ত স্থানে বড় পর্দায় খেলা
রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার ব্যবস্থা করা হয়েছে। ঢাকার টিএসসি, হাজী মুহম্মদ মহসীন হল, জগন্নাথ হল, মিরপুর সিটি ক্লাব মাঠ, মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ড, বনানীর কামাল আতাতুর্ক পার্ক, মোহাম্মদপুর, ধানমন্ডি ও পশ্চিম রামপুরাসহ বিভিন্ন স্থানে ফুটবলপ্রেমীরা একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন।
এ ছাড়া প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল আমারি, লে মেরিডিয়েন, ক্রাউন প্লাজা, লেকশোর গ্র্যান্ডসহ কয়েকটি পাঁচতারকা হোটেলেও বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে নারায়ণগঞ্জের কাচপুরের চাঁদ মহল সিনেমা হল, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস এবং বগুড়ার মধুবন সিনেপ্লেক্সেও সরাসরি বিশ্বকাপ ফাইনাল দেখানো হবে। আয়োজকদের দাবি, দর্শকদের ব্যাপক আগ্রহে অনেকেই আগেভাগেই টিকিট সংগ্রহ করেছেন। মধুবন সিনেপ্লেক্সে টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ থেকে ৩০০ টাকা।
ফুটবল উৎসবে মাতবে পুরো শহর
আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রতিটি আয়োজনই দর্শকে পরিপূর্ণ থাকবে। খেলা, সংগীত, আলোকসজ্জা ও উৎসবের আবহে ফুটবলপ্রেমীদের জন্য এটি হয়ে উঠবে স্মরণীয় এক রাত।