
The accused in sensational Kalapara child murder case has been on remand.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামি আল- আমিন কে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনির আদালত আসামির পাঁচ দিনের এ পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এস আই মো. ফোরকান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড শুনানিতে আসামীর পক্ষে কোন আইনজীবী অংশ নেয় নি।
কলাপাড়া চৌকি আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল হোসেন বলেন, দশ মাস বয়সী একটি শিশু সন্তানকে হত্যার অমানবিক ঘটনার প্রতিবাদস্বরূপ চৌকি আদালত আইনজীবী সমিতির কোন আইনজীবী আসামির পক্ষে শুনানিতে অংশ নেয়নি।
গত বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হয় ১০ মাস বয়সী শিশু রাইয়ান। নিখোঁজের দুই দিন পর শনিবার দুপুর বারোটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আল-আমিনের বসতবাড়ি সংলগ্ন খাল থেকে শিশুটির ব্যাগভর্তি মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত শিশু রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতের নির্দেশনা মেনে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে হত্যার মোটিভ সহ এ ঘটনার সাথে আর কারা কারা জড়িত রয়েছে তা জানা যাবে। - গোফরান পলাশ