News update
  • Govt Plans 34 Lakh Tonnes Food Grain Storage Capacity     |     
  • Charges Filed Against Hasina, Aziz Over Shapla Crackdown     |     
  • Oil Prices Fall as US-Iran Attacks Pause     |     
  • Gas Crisis Deepens as LNG Outage Hits Supply     |     
  • Microplastics Found in 26 of 34 Toothpaste Brands in Bangladesh      |     

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে ভয়াবহ বন্দুক হামলা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-07-27, 11:21am

img_20260727_111920-8c98d7b77fb845a14d72f749389955861785129684.jpg




যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে একটি জনপ্রিয় খাবার উৎসবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গুলিবর্ষণে অন্তত দুজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে।

স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় সিয়াটলের বিখ্যাত ‘স্পেস নিডল’ টাওয়ারের কাছে ‘সিয়াটল সেন্টারে’ আয়োজিত উৎসব চত্বরে এই ঘটনা ঘটে। 

সিয়াটল অগ্নিনির্বাপণ বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বন্দুক হামলায় ঘটনাস্তলেই দুজনের মৃত্যু হয়েছে। হামলার সময় উৎসবে আসা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা প্রায় ছয়টার দিকে সিয়াটল সেন্টারে চলমান ‘বাইট অব সিয়াটল’ খাবার উৎসবে হঠাৎ গুলির ঘটনা ঘটে। খবরের পর বিপুলসংখ্যক পুলিশ সদস্য, দমকলকর্মী ও জরুরি সেবা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পুরো এলাকা খালি করে নিরাপত্তাবলয় গড়ে তোলে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। সিয়াটল সিটির কেন্দ্রের উত্তর-পশ্চিমে অবস্থিত ওই এলাকাটি সাময়িকভাবে এড়িয়ে চলতে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।

হারবারভিউ মেডিকেল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, তাদের হাসপাতালে চারজন আহতকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক ছোট শিশু, ২৩ বছর বয়সী এক তরুণ এবং দুজন প্রাপ্তবয়স্ক নারী রয়েছেন। ভর্তি হওয়া আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সময় উৎসবে উপস্থিত থাকা এস্তান ওয়াকোনাবো নামের এক প্রত্যক্ষদর্শী ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনায় বলেন, তিনি ও তার বান্ধবী একটি ফটো বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ আশপাশের মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে। 

তিনি বলেন, ‘মানুষ নিরাপদ জায়গায় লুকানোর চেষ্টা করছিল। সবাই একে অন্যকে ধাক্কা দিচ্ছিল, অনেকে মাটিতে পড়ে যাচ্ছিল। এমনকি শিশুদের ঠেলাগাড়িও উল্টে যায়।’

ওয়াকোনাবো আরও বলেন, ‘আমি যখন পরপর গুলির শব্দ শুনলাম, তখনই বুঝতে পারলাম কোনো বন্দুকধারী আক্রমণ চালিয়েছে।’ তিনি প্রথমে বান্ধবীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরে ফিরে এসে মাটিতে একাধিক আহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।

উল্লেখ্য, ‘বাইট অব সিয়াটল’ শহরটির অন্যতম ঐতিহ্যবাহী ও বৃহৎ খাবার উৎসব। ১৯৮২ সালে শুরু হওয়া তিন দিনব্যাপী এই বৈচিত্র্যময় আয়োজনে প্রতিবছর প্রায় সাড়ে তিন লাখ মানুষ অংশ নেন।