News update
  • PM Assures Support for Waste-to-Fuel Technology     |     
  • CJP founder Abhijeet Dipke detained after flight lands in Delhi     |     
  • India’s young return to streets as anger against EC and Modi grows     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • Delhi on High Alert Ahead of CJP Protest With 20,000 Personnel     |     

কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2026-10-10, 6:00pm

img_20261010_175835-73a0b3ce2b094f73d49f07763eebf5811791633632.jpg




ভিডিও দেখার পাশাপাশি ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন দুটি ফিচার চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। নতুন ফিচার দুটির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত শপিং সহকারী এবং অ্যাপের ভেতর থেকেই সরাসরি পণ্য কেনার সুবিধা।

নতুন ফিচারগুলোর ঘোষণা দেয় টিকটক। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ‘শপিং অ্যাসিস্ট্যান্ট’ নামের এআই সহকারীটি ব্যবহারকারীদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দিতে এবং কেনাকাটার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

নতুন এই সহকারীর মাধ্যমে কোনো পণ্য সম্পর্কে জানতে চাইলে এর বৈশিষ্ট্য, মজুত অবস্থা, আকার ও সরবরাহসংক্রান্ত তথ্য পাওয়া যাবে। প্রয়োজনে কেনাকাটার বিভিন্ন ধাপেও সহায়তা করবে এটি। ব্যবহারকারীদের আগ্রহ ও পছন্দ বিবেচনায় নিয়ে পণ্যের পরামর্শ দেওয়ার সক্ষমতাও থাকবে এআই সহকারীটির।

অন্যদিকে, নতুন এক-ক্লিক কেনাকাটার সুবিধার ফলে টিকটকের ‘ফর ইউ’ ফিডে ভিডিও দেখার সময়ই পছন্দের ব্র্যান্ডের পণ্য কেনা যাবে। এ জন্য ব্যবহারকারীদের আলাদা কোনো ওয়েবসাইটে যেতে হবে না। ফলে ভিডিওতে কোনো পণ্য পছন্দ হলে একই অ্যাপ থেকে সেটি সম্পর্কে বিস্তারিত জেনে কেনাকাটা সম্পন্ন করা সম্ভব হবে।

নতুন সেবাগুলো চালু করতে বিভিন্ন ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে টিকটক। এ উদ্যোগের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সেলসফোর্স, শপিফাই ও স্ট্রাইপ।

এতদিন টিকটকের ই-কমার্স কার্যক্রম মূলত ‘টিকটক শপ’ ঘিরে পরিচালিত হয়ে আসছিল। নতুন উদ্যোগের মাধ্যমে অ্যাপের অন্যান্য অংশেও সরাসরি কেনাকাটার সুযোগ বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি।

এদিকে, যুক্তরাষ্ট্রে টিকটকের বাণিজ্যিক প্রভাবও বাড়ছে। সম্প্রতি প্রকাশিত এক অর্থনৈতিক প্রভাব প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রের ব্যবসাগুলোর জন্য প্রায় ৮ হাজার ১০০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করেছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে প্রায় ৫ কোটি ৪০ লাখ ব্যবহারকারী টিকটকের ভিডিও দেখে কোনো না কোনো পণ্য কিনেছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ‘টিকটক শপ’ চালু হয়। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ১ হাজার ৫৮০ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের মোট সোশ্যাল কমার্স বিক্রির প্রায় ১৮ শতাংশ।