
‘সরকারি স্কুলের তুলনায় দেশের মাদ্রাসাগুলোতে ভালো শিক্ষা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে গেলে দেখা যায় সেখানে স্কুলের তুলনায় মাদ্রাসার ছাত্ররা বেশি ভর্তি হওয়ার সুযোগ পায়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
আজ সোমবার (৬ জুলাই) টাঙ্গাইলের সখিপুর উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কথা বলেন।
সখিপুর উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা হলরুমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষকরা সরকারি বেতন পান না, পেনশন পান না—তবুও তারা স্কুলের শিক্ষকদের তুলনায় ভালো শিক্ষা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখিপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক কবির হাসানসহ অনেকে।