News update
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, অবস্থা আশঙ্কাজনক

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-12, 5:12pm

rtwr343-71ca8a58cd897d735b1397a06519db4a1765537942.jpg




রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে তার আশঙ্কাজনক অবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার বিকেল চারটার কিছু পরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের দপ্তরে ফোন করলে কর্মকর্তারা জানান, ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার মাথার ভেতরেই গুলিটি রয়ে গেছে এবং তাকে অবিলম্বে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

এর আগে, আজ দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

হামলার সময় হাদির পেছনের রিকশায় থাকা মো. রাফি ঘটনার বর্ণনা দিয়ে বলেন,জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে ঢোকার সঙ্গে সঙ্গেই একটি মোটরসাইকেলে দুজন লোক এসে হাদি ভাইকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত, স্বচ্ছ ও ব্যাপক তদন্ত চালিয়ে এ হামলার সঙ্গে জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

ওসমান হাদির বর্তমান অবস্থা নিয়ে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা চরম উদ্বেগে আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।