
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেই অনুরোধ করেছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজের সিদ্ধান্তেই তিনি মন্ত্রিত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।
ইশরাক হোসেন বলেন, সরকার ও বিএনপিকে বিব্রত না করে তিনি মাদকবিরোধী অভিযান চালিয়ে যেতে চান। ঢাকা-৬ আসনসহ আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি।
ইশরাক হোসেন বলেন, ‘আজ আমি প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি।’ তার দাবি, প্রধানমন্ত্রী তার অনুরোধে সম্মতি জানিয়েছেন এবং মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন।
ইশরাক হোসেন জানান, তাদের লক্ষ্য রাস্তার মাদক বিক্রেতারা নন, বরং মাদকের মূল সরবরাহকারীরা। মাদক পাচার বন্ধ করতে সরবরাহ ব্যবস্থা ভেঙে দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
সমালোচনা সত্ত্বেও নিজের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নিয়ে ইশরাক হোসেন বলেন, ওই দিন তিনি কোনো ভুল করেননি বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তবে অভিযানের সময় কারও কষ্ট হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ঢাকা-৬ ও আশপাশের এলাকায় মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।