News update
  • Joint Special Forces Drill Demonstrates Military's Readiness: PM     |     
  • Hasina Will Be Arrested If She Returns to Bangladesh: Shama     |     
  • ‘Antalya Pact’ at COP31 falls as EU brinkmanship derails plan     |     
  • Beyond Israel’s Election: Palestine’s Self-determination and the ME     |     
  • Gaza war has undone 77 years of human development, UN warns     |     

দীর্ঘ ২ দশক পর আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-05-16, 7:40am

7760257fd1dab507e8330c3bd1dc258b97ac06f165641f3c-21341772f67afc1f8e7bd731b12585f31778895623.jpg




দীর্ঘ দুই দশক পর আজ শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে ইলিশের বাড়ি চাঁদপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। সফরে প্রধানমন্ত্রী জেলার সেচ সুবিধার জন্য দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখলন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

শনিবার সকালবেলা রাজধানী ঢাকা থেকে কুমিল্লা হয়ে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। চাঁদপুর-কুমিল্লা সীমান্তের বরুড়া এলাকায় একটি পথসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।

দুপুরে প্রধানমন্ত্রী শাহরাস্তির উয়ারুক বাজার সংলগ্ন খোর্দ্দ খাল এবং পরবর্তীতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনঃখলন কাজের উদ্বোধন করবেন। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এই মাঠ থেকেই ভার্চ্যুয়ালি আরও ২১টি জেলায় এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন সরকারপ্রধান। সফর শেষে চাঁদপুর ক্লাবে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে প্রতিনিধি সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গত কয়েক দিন ধরেই চাঁদপুরে আনন্দ মিছিল ও শোডাউন করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশাল শোডাউন ছিল চোখে পড়ার মতো।

জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক শুক্রবার (১৫ মে) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীর চাহিদা সম্পর্কে অবগত আছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নই আমাদের প্রধান চাওয়া। চাঁদপুরবাসী হতাশ হবে না বলে আমার বিশ্বাস।'

তিনি আরও জানান, মেঘনাপাড়ের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল ও জেলায় একটি ইপিজেড স্থাপনের যৌক্তিক পরিবেশ রয়েছে, যা এখন প্রধানমন্ত্রীর ঘোষণার ওপর নির্ভর করছে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে মহড়া অনুষ্ঠিত হয়েছে। জনদুর্ভোগ এড়াতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এসব কর্মসূচিতে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হাসান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুদু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য সচিব সালেহ শিবলী ও গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারীসহ স্থানীয় সংসদ সদস্যরাও কর্মসূচিতে অংশ নেবেন।