News update
  • Dhaka Condemns Hasina's Media Event in New Delhi     |     
  • Oil Prices Fall on Hopes of Hormuz Reopening     |     
  • Tk 2,500 crore harvest in Daudkandi floodplain fishery     |     
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     

স্থানীয় সরকার নির্বাচনের সময়সীমা জানালেন মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-05-05, 8:10pm

erteterte-80545966c2dfa593ce808920c597c76f1777990212.jpg




আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, আগেও বলেছি, এখনও বলছি— আমরা চেষ্টা করব আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী চলমান জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনা পর্বের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসকরা কিছু পরামর্শ দিয়েছেন, আমরা সেই পরামর্শগুলো গ্রহণ করেছি।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, আমরা মূল যে কথাটা বলতে চেয়েছি— স্থানীয় সরকার হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা হচ্ছে বেসিক তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন সবসময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র শক্তিশালী হবে।

তিনি বলেন, আমরা তাদের আরেকটা কথা বলার চেষ্টা করেছি যে, জেলা প্রশাসকদের নেতৃত্ব দিতে হবে। আমাদের সরকারের বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যে কর্মসূচিগুলো নিয়েছেন, সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যারা দায়িত্বে রয়েছেন, তারা সেই কাজগুলো বাস্তবায়ন করবেন।

মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে— জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। কারণ, জনগণই হচ্ছে এই দেশের মালিক। সামগ্রিকভাবে যেটা দেখেছি— গত ১৬ বছরে স্থানীয় সরকারের কমিউনিকেশনের জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে, ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেসব দুর্নীতির তদন্ত করব। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি যাতে না ঘটে, সেটাও আমরা দেখব। 

তিনি আরও বলেন, আমরা মনে করি— এই ধরনের সম্মেলন প্রত্যেক বছর অত্যন্ত প্রয়োজনীয়। সরকারের জেলা পর্যায়ের যারা কর্মকর্তা, তাদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের মতবিনিময় যেটা হয়, সেটা অত্যন্ত ভালোভাবে কাজে দেয়। ভবিষ্যতে সেটা যেন আরো বাড়ানো যায়, সেটাও আমরা বলছি।