News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-11-15, 10:49am

img_20261115_104553-032b169c0c6e61c4b41d43f77c5929c11794718140.jpg




ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে অস্থিরতা কাটছে না। এরই মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসবের মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে জেলার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী, পল্লীবিদ্যুৎ এলাকায় সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।

এদিন সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।

জেলার কালিয়াকৈর উপজেলাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর, রতনপুর এলাকার করণীসহ ৭টি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো রয়েছে।

কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিংয়ের পোশাক শ্রমিকরা বলেন, আমরা প্রতিদিন কাজের জন্য কারখানায় আসি। কাজ না করলে আমাদের পেটে খাবার জোটে না। আমরা চাই কারখানায় কাজ হোক। বেতনের জন্য সবাই আন্দোলন করেছি। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে।

‘আমরা এখন কাজ করতে চাই। কিন্তু প্রতিদিন এসেই কোনো না কোনো ঝামেলা দেখি। সকালে এসেই শুনি কারখানা ছুটি, তাই চলে যাই। আজ আবার দেখছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ।’

এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরে কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ নানা ধরনের বিশৃঙ্খলায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও তাতে কাজ হচ্ছে না। আজ থেকে কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে তার সঠিক নোটিশ আমাদের কাছে এসে পৌঁছায় নি। তারা হয়তো আজকে বন্ধ করেছে।

তিনি আরও জানান, অনেক কারখানা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকালেই ছুটি ঘোষণা করেছে। আজ কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন রয়েছে।