News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

শ্রাবণের ভুলে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-11-14, 10:58pm

baalnaadesh-53492ea228bb578c89536dcee94a44f01794675523.jpg




ম্যাচের শুরু থেকে দুই দলই মরিয়া ছিল গোলের জন্য। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচও। সেখানে অবশ্য বল দখলে রেখে বেশি আক্রমণ ছিল বাংলাদেশরই। নির্ধারিত সময় শেষে খেলা গড়াচ্ছিল ড্রয়ের দিকে। কিন্তু তখনই ম্যাচের সবচেয়ে বড় ভুলটা করে বসেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। সেই সুযোগেই বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ করে ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান।

ম্যাচের শুরুর দিকে কিছুটা ভুল ফুটবল খেলে বাংলাদেশ। কয়েকটি ভুল পাসের কারণে চাপে পড়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় মিনিটে সবচেয়ে বড় ভুলটা করে বসেছিল বাংলাদেশ। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দক্ষতায় সেটার মাশুল দিতে হয়নি বাংলাদেশকে।

বক্সের কিছুটা বাইরে ভুল পাস থেকে বল পেয়েছিল পাকিস্তান। সেই বল ধরে বক্সের বাইরে থেকে জোড়াল শট করেছিলেন পাকিস্তান ফরোয়ার্ড আলি উজাইর। তবে সেটি আটকে দেন শ্রাবণ।

সেই চাপ সামলে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বল দখলে রেখে বিল্ডআপ ফুটবল শুরু করে স্বাগতিকরা। সেটি কাজে লাগিয়ে সপ্তম মিনিটে প্রথমবার পাকিস্তানের গোলবারে শট নেয় বাংলাদেশ। তবে সেটি আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক।

ম্যাচের ১৬তম মিনিটে প্রতিআক্রমণে উঠেছিল বাংলাদেশ। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে বক্সের সামনে চলে গিয়েছিল বাংলাদেশ। বক্সের বাইরে থেকে জোড়াল শট করেছিলেন রাকিব হোসেন। তবে পাকিস্তানি ডিফেন্ডারের শরীরে লেগে দিক পরিবর্তন করে বাইরে চলে যায় সেটি।

দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে খেলতে থাকে। এর মাঝেই ২২তম মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করে বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্ণার থেকে বল পান শমিত সোম। হেডে তিনি পাস দেন রাকিবকে।

সেই বল পেয়ে দারুণ শট নিয়েছিলেন রাকিব। দূরের পোস্টে তার কোনাকুনি শ ঝাপিয়ে পড়েও আটকাতে পারেননি পাকিস্তানের গোলরক্ষক। তবে বাংলাদেশের কপাল পুড়ে গোলবারের বাঁধায়।

এর ৪ মিনিট পর আবারও পাকিস্তানের রক্ষণে ভীতি ছড়িয়েছিল বাংলাদেশ। এবার বল নিয়ে আক্রমণে উঠে বক্সের সামনে থেকে শট নিয়েছিলেন ফারহান। তবে এবার পাকিস্তানের ডিফেন্ডারের গায়ে লেগে ব্লক হয়ে যায় সেটি।

ম্যাচের ৩২তম মিনিটে কোনোমতে বেঁচে যায় বাংলাদেশ। বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন পাকিস্তানের ফরোয়ার্ড আব্দুল সামাদ। ছয়গজ বক্সের মধ্য থেকে টোকায় বল জালে জড়াতে চেয়েছিলেন তিনি। সেটি আটকাতে পারেননি গোলরক্ষক শ্রাবণ। বাংলাদেশ বেঁচে যায় বল গোলবারে বাঁধা পেয়ে ফিরলে।

ম্যাচের ৪০তম মিনিটে আরও একবার গোলের জন্য চেষ্টা করেছিল বাংলাদেশ। বক্সের বামপ্রান্তে বল পেয়েছিলেন শুকি ইতোফুসা। পাশে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ভলি করেছিলেন তিনি। তবে বল চলে যায় ওপর দিয়ে।

এরপর আর কোনো দলই সেভাবে আক্রমণ করতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে গেছে দুই দল।

বিরতি থেকে ফিরেও একই ধারায় খেলতে থাকে দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণে তৈরি করে গোলের সুযোগ। তবে ঠিক গোলটা আদায় করা হচ্ছিল না কোনো দলেরই।

ম্যাচের ৭৬তম মিনিটে বক্সের সামান্য বাইরে ফ্রি-কিক পেয়েছিল পাকিস্তান। সেখান থেকে দারুণ শট নিয়েছিলেন আদিল নাবিল। তবে সেটি ঝাঁপিয়ে পড়ে আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ।

কয়েকবার বাংলাদেশকে রক্ষা করা গোলরক্ষক শ্রাবণ সবচেয়ে বড় ভুলটা করলেন ম্যাচের ৮৫তম মিনিটে। গ্লাভসবন্দি করা বল তিনি থ্রো করলেন পাকিস্তানি ফুটবলারদের কাছে। সেখান থেকে বক্সের মধ্যে পাস পেয়ে সেই বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে বল জালে জড়িয়ে দেন আব্দুল সামাদ। সেটি আটকানোর কোনো সুযোগই ছিল না শ্রাবণের।

এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। বাংলাদেশ আর চেষ্টা করেও বাকি সময়ে ব্যবধান কমাতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাজতেই জয়ের উল্লাসে মেতে ওঠে পাকিস্তান। আর হতাশার ছাপ ফুঠে ওঠে বাংলাদেশের ফুটবলারদের মুখে।