
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সেই ম্যাচে ছিলেন দলের সেরা তারকা হামজা চৌধুরী। ক্লাবের ব্যস্ততা শেষ করে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। মাঠে নামববেন আজ বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে।
হামজার অন্তর্ভুক্তি এবং দলের কৌশলগত ভাবনা বিবেচনায় নিয়ে আজকের ম্যাচে শুরুর একাদশে তিন পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল। ভুটান ম্যাচে স্কোয়াডে না থাকলেও এবার মাঝমাঠে নতুন সমন্বয় সাজিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন কোচ টমাস ডুলি।
শুধু হামজাই নন, আজকের ম্যাচে দলের আক্রমণভাগেও পরিবর্তনের জোরালো সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ড থেকে দলের সঙ্গে যোগ দেওয়া তরুণ প্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদকে দেখা যেতে পারে শুরুর একাদশে। বাঁ-প্রান্তে ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে তাকে।
এদিকে গত ম্যাচে ভুটানের বিপক্ষে বদলি নেমে জয়সূচক গোল করে দলের ত্রাতা হয়ে ওঠা মোহাম্মদ ইব্রাহিমকেও এবার শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চোটের কারণে বিশ্বনাথ ঘোষের খেলা হচ্ছে না এ ম্যাচে। ফলে ফরোয়ার্ড লাইনে ইব্রাহিমের ওপরই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।
এছাড়া একাদশে মিডফিল্ডার সৈয়দ কাজেম কিরমানী শাহর থাকারও জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। সব মিলিয়ে আজ ভুটান ম্যাচের তুলনায় একাদশে অন্তত তিনটি পরিবর্তন দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বেশ সহজ সমীকরণ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারানোর সুবাদে লাল-সবুজদের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে ড্র করলেই গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। অন্যদিকে, ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করা শ্রীলঙ্কার পয়েন্ট ১। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান শ্রাবণ, জিদান আলেকজান্ডার ইউসুফ, তারিক কাজী, সৈয়দ কাজেম কিরমানী শাহ, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, সমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, ফারহান আলী ওয়াহিদ।