News update
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করবে ভারত

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-04-09, 8:07am

bangladesh-b47bc9c3971a24ddbbfd211d7b6922271775700451.jpg




সামনের দিনগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আরও সহজ করা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই আশ্বাস দিয়েছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্করের সঙ্গে আজ বুধবার (৮ এপ্রিল) সাক্ষাতকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জানানো হয়, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজতর করা হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর ছাড়াও দেশটির আবাসন ও নগর বিষয়ক এবং পেট্রোলিয়াম মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

এর আগে ভারতের রাজধানীতে পৌঁছানোর পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেন।

আলোচনায় উভয় পক্ষই দুই দেশের মধ্যে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করেন।

ড. খলিলুর রহমান উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সম্প্রতি নির্বাচিত বিএনপি সরকার "বাংলাদেশ ফার্স্ট" (সবার আগে বাংলাদেশ) নীতি অনুসরণ করবে এবং পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সমান স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

শহীদ ওসমান হাদির সন্দেহভাজন খুনিদের আটক করার জন্য ড. খলিলুর রহমান ভারত সরকারকে ধন্যবাদ জানান। উভয় পক্ষ একমত হয়েছে যে, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়া অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশ পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণ করার অনুরোধ পুনরায় জানানো হয়।

আলোচনাকালে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান যে, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজতর করা হবে।

ড. রহমান সম্প্রতি ভারত থেকে ডিজেল সরবরাহের জন্য মন্ত্রী হরদীপ পুরীকে ধন্যবাদ জানান এবং ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন। মন্ত্রী পুরী ইঙ্গিত দেন যে, ভারত সরকার এই অনুরোধটি গুরুত্বের সাথে এবং ইতিবাচকভাবে বিবেচনা করবে।

উভয় পক্ষ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুগুলোতে নিয়মিত আলোচনার বিষয়েও একমত পোষণ করে।