News update
  • Document: Two Bangladeshis Executed After Detention in 2023     |     
  • Global Warming May Exceed 1.5°C, but Recovery Is Possible     |     
  • Three Tourists Die, Two Missing at Himchari Beach     |     
  • Road crashes claim over 1.25 lakh lives from 2014 to June 2026: BJKS     |     
  • Juvenile Crime in Bangladesh: Causes and Ways to Prevent It     |     

ফের সাময়িক বন্ধ ঘোষণা সাজেক ভ্যালি

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2026-10-21, 9:36pm

saajek-de2efa3e25fddff1643e48b51f4e3a2a1792596974.jpg




ফের সাজেক ভ্যালি পর্যটন উপত্যকা সাময়িক বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ বুধবার (২১ অক্টোবর) রাতে জেলা প্রশাসক নাজম আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘আজ বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হলো।’

এই ঘোষণার আগে সন্ধ্যায় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে আবারও ২২ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অবরোধের ঘোষণা দেয় আঞ্চলিক দল ইউপিডিএফ সমর্থিত দুটি সংগঠন-সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইহাট ও মাচালং পূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছিল।

এর আগে ১১ অক্টোবর থেকে সাজেক এলাকায় জনসংহতি সমিতির সশস্ত্র তৎপরতার প্রতিবাদে ওই সড়কে অবরোধ কর্মসূচি শুরু করে সংগঠন দুটি। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা ও আশ্বাসে প্রাথমিকভাবে কর্মসূচি প্রত্যাহার করে তারা। তবে তাদের দাবি মানা না হলে আবারও এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে সংগঠন দুটি।