
আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল পুনর্বিবেচনার দাবি অপ্রসঙ্গিক। তবে, তাদের আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।
সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন সফল হয়েছে জানিয়ে ইসি আনোয়ারুল বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে।
তবে জামায়াতের প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের বিষয়ে ইসি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান এই নির্বাচন কমিশনার।