News update
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     

‘জুলাই শহীদ পরিবারকে দেওয়া চাকরি কোটা হিসেবে যুক্ত হবে না’

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-02-11, 3:01pm

nahid_0-4a4a6f70d80bc3c74349f40453d52ae51739264499.jpg




অন্তর্বর্তীকালীন সরকারে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে। চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ।

নাহিদ ইসলাম বলেন, পরিবারের কর্মক্ষম কোনো একজন ব্যক্তিকে একবারের জন্যই যোগ্যতার বিচারে সরকারি-আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা বিবেচ্য হবে না।

তথ্য উপদেষ্টা আরও বলেন, আহতদের ক্ষেত্রে যারা সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে (অন্ধ কিংবা অঙ্গহানী) এবং আর কখনও কর্মক্ষম হতে পারবে না, তাঁদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এরকম আহতদের একটা বড় অংশই তরুণ এবং বাকি জীবন তাঁদেরকে আন্দোলনের ক্ষত বয়েই বেড়াতে হবে, অনেককে দীর্ঘকাল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন এবং এই পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়াটা আমাদের অঙ্গীকার ছিল এবং রাষ্ট্রের দায়িত্বও বটে। কয়েক হাজার পরিবার অভ্যুত্থানে অংশগ্রহণের ফলে অচল হয়ে গিয়েছে। তাঁদের এই ক্ষতি আমরা কোনো কিছু দিয়েই পূরণ করতে পারব না।আর এই পরিবারগুলো যেকোনো সুযোগ-সুবিধার চেয়ে কেবল সকলের থেকে সম্মান ও মর্যাদা চায়। তথ্য সূত্র এনটিভি।