
রাজধানীর মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে একটি এবং মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ১০টার দিকে মিরপুরের পল্লবীতে এবং রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মহাখালী বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিরপুরের পল্লবী মেট্রোস্টেশনের নিচে বিহঙ্গ পরিবহণের একটি বাসে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বাসের দুটি আসন আংশিক পুড়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, বাসটি মাত্র ট্রিপ শেষ করে দাঁড়িয়ে ছিল এবং সম্পূর্ণ ফাঁকা ছিল। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অপরদিকে মহাখালী বাসস্টান্ডে সোহাগ পরিবহণের বাসটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বলেন, মহাখালী বাস টার্মিনালের পেছনের শেষ মাথায় সোহাগ পরিবহণের একটি বাস পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাস টার্মিনালে বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।