News update
  • Over 1.23cr sacrificial animals ready for Qurbani: Minister     |     
  • Seven killed in truck-pickup crash in Sylhet     |     
  • Borrowing from central bank ‘suicidal’ for economy: Dr. Fahmida     |     
  • Fuel Queues Ease As Supply Rises, Demand Falls     |     
  • PM says govt working to reopen closed factories     |     

৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন তামিম

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-03-24, 6:32pm

t55454-956b05986ff1065b3a68fa809768d3c01742819578.jpg




ডিপিএলের ম্যাচ খেলতে আজ (২৪ মার্চ) সকালে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিয়মানুযায়ী দলের হয়ে টস করতে গিয়েছিলেন অধিনায়ক তামিম। কিন্তু ফিল্ডিংয়ে নামার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

অসুস্থতার কথা টিম ম্যানেজমেন্টকে জানানোর পর তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ করে আবার ফেরেন মাঠে। তবে মাঠে ফেরার পর আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটে। 

শারীরিক অবস্থার অবনতি ঘটলে হেলিকপ্টার যোগে তামিমকে ঢাকায় আনার একটি প্রচেষ্টা চালানো হয়। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে তামিমের।  

চিকিৎসকরা জানান, ১০০ শতাংশ ব্লক থাকায় আপাতত তামিমকে ঢাকায় নেয়া সম্ভব হবে না। তাই ঢাকা থেকে চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে হার্টে রিং (স্টেন্ট) পরানো হয়েছে। তবে শুরুতে সেই রিং পরানোর উপযুক্ত অবস্থায়ও ছিলেন না তামিম।   

২২ মিনিট ধরে সিপিআর এবং ৩ বার ডি-সি শক দেয়ার পর তামিমকে রিং পরানোর সুযোগ পাওয়া যায়। তবে অনেক প্রচেষ্টায় সেই অপারেশন সফল হয়েছে। ব্লক সরিয়ে রিং পরানোর পর দ্রুত সময়ের মধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন তামিম। কথাও বলেছেন চিকিৎসকদের সঙ্গে।  

তবে আপাতত তামিম হাসপাতাল ছাড়তে পারছেন না। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে এই ক্রিকেটারকে। আর এই ৪৮ ঘণ্টায় তাকে কোথাও স্থানান্তরের সম্ভাবনাও নেই। অর্থাৎ সাভারের কেপিজে হাসপাতালেই থাকবেন তিনি। তামিমের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এসব কথা বলেছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।  সময়