News update
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     
  • World Cup Preparation Scores a Goal against the Environment     |     
  • Rules on online export to global marketplaces eased     |     
  • PM reviews progress of measures to ease Dhaka traffic congestion     |     
  • Trump celebrates birthday with Iran deal, White House UFC fight     |     

মেসি থেকে কোহলি, ফেদেরারকে মিস করবেন সবাই

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-09-16, 6:19pm




‘তিনি মুনি, তিনি ঋষি’ টেনিস কোর্টের শ্বেত শুভ্র একজন কিংবদন্তি রজার ফেদেরার। টেনিস কোর্টে ফেদেরারের সব রেকর্ড এখন হয়তো নিজের দখলেই নেই। তবুও তিনিই যে টেনিসের অবিসংবাদিত রাজা।

ফেদেরারের এই রাজত্বের আলোচনায় কেউই দ্বিমত করবে না। স্বয়ং তাকেই টপকে যাওয়া রাফায়েল নাদাল কিংবা নোভাক জোকোভিচও না। টেনিসের সেই রাজা থামলেন। দীর্ঘ ২৪ বছর টেনিস কোর্টে হাসি-কান্না-আনন্দ-অশ্রুজলের গল্প লিখে থামলেন ক্যারিয়ারের একদম পড়ন্ত বেলায়।

বয়স ৪০ পেরিয়ে ৪১। তবুও তিনি চেয়েছেন ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে। কিন্তু পারেননি। চোট-বয়স তাদের সঙ্গে আর পারলেন না। অন্য সব শৈশবের স্বপ্নপুরুষ কিংবা কিংবদন্তির মতো তিনিও থামলেন, থামতে হতো বলেই।

ফেদেরারের এই বিদায়ে আবেগে আচ্ছন্ন হচ্ছেন বিশ্ব ক্রীড়াজগতের অন্যসব কিংবদন্তিরাও। সেখানে ক্রিকেট, ফুটবল কিংবা টেনিসে নেই কোনো ভেদাভেদ। তাই তো ফেদেরারের বিদায়ে তাকে মিস করার কথা জানান লিওনেল মেসি।

নিজের ইনস্টাগ্রামে ফুটবল মহাতারকা তাই ফেদেরারের জন্য লেখেন, একজন জিনিয়াস, টেনিস ইতিহাসে অনন্য, আর যেকোনো ক্রীড়াবিদের জন্য উদাহরণ।নতুন মঞ্চে আপনার জন্য শুভকামনা। কোর্টে আপনার আনন্দ দেওয়া মিস করব।

ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি তো রাজা আখ্যায়িত করে লেখেন, দ্য গ্রেটেস্ট অব অলটাইম। কিং রজার।

ফেদেরারের এই বিদায় তবুও না হয় মেনেই নিলেন মেসি-কোহলিরা। কিন্তু নাদাল? কোর্টে ফেদেরারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বনে যাওয়া নাদাল তো ফেদেরারের বিদায় আসুক সেটাই চাননি।

সুইস সুপারস্টার ফেদেরারকে নিয়ে নাদাল তাই বলেন, প্রিয় রজার, আমার বন্ধু এবং প্রতিদ্বন্দ্বী, এমন দিন কখনও আসুক আমি চাইনি। তোমার সঙ্গে লম্বা সময় খেলতে পারা আমার জন্য সম্মান এবং আনন্দের। কোর্ট এবং কোর্টের বাইরে তোমার সঙ্গে দারুণ অনেক মুহূর্ত কাটিয়েছি। তথ্য সূত্র আরটিভি নিউজ।