News update
  • PM stresses skills-based, tech-driven higher education to tackle unemployment     |     
  • Multilateralism Needs a New Deal, Can Anyone Deliver it?     |     
  • Measles deaths hit low; US, Mexico, Bolivia lose free status      |     
  • Leather Foundation launched: Fund sought to revive tanneries     |     
  • ‘BARTA’ for local LC messaging, to save $7m a year, launched      |     

ইংল্যান্ড সিরিজেই বিদায়ের ঘোষণা মুশফিকের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-11-28, 6:37pm

khe-1be6f859c11df9b1317ee8f7c59bbf931795869475.jpg




একটা অধ্যায়ের শেষ মানেই ইতিহাসের সমাপ্তি নয়, বরং রেখে যাওয়া অসংখ্য স্মৃতি, রেকর্ড আর আবেগের নতুন এক নাম! দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিকুর রহিম দেখেছেন অসংখ্য উত্থান-পতন, পেয়েছেন সাফল্য, আবার কঠিন সময়েও ব্যাট হাতে লড়াই করে গেছেন দেশের জন্য। বাংলাদেশের ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছেন অনন্য সব অর্জনে। ওয়ানডে ও টি-টোয়েন্টিকে আগেই বিদায় জানিয়েছেন, এবার সেই পথচলার শেষ বাঁকে দাঁড়িয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকেও বিদায় নিতে যাচ্ছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। যে জার্সি গায়ে জড়িয়ে শুরু হয়েছিল টেস্টের দীর্ঘ যাত্রা, সেই জার্সিতেই এবার নামতে যাচ্ছে শেষ পর্দা। 

আজ শনিবার (২৮ নভেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ঘরের মাঠে আগামী ইংল্যান্ড সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার দীর্ঘ বর্ণাঢ্য অধ্যায়েরও পর্দা নামতে যাচ্ছে।

সেঞ্চুরিয়নে পাঁচ দিনের টেস্ট শেষ হওয়ার আগেই বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়। শনিবার দেশে ফেরার কথা থাকলেও ম্যাচ দুই দিন বাকি থাকতেই শেষ হয়ে যাওয়ায় আগেভাগেই দেশে ফেরেন ক্রিকেটাররা। আর সেই সফরই জাতীয় দলের সঙ্গে মুশফিকের শেষ বিদেশ সফর হয়ে থাকল।

দেশে ফিরে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন মুশফিক। আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন তিনি।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। তাই ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ হিসেবে এই লড়াইকেই বেছে নিয়েছেন ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দীর্ঘ ২২ বছরের পথচলা শেষে ২০২৭ সালের জানুয়ারিতে সেই ইংল্যান্ডের বিপক্ষেই শেষ হতে যাচ্ছে তার টেস্ট ক্যারিয়ার।

মুশফিকের সামনে সুযোগ ছিল ঐতিহাসিক লর্ডসেই শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামার। আগামী বছরের মে মাসে ওই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্র শেষেই থামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের মালিক মুশফিক। এখন পর্যন্ত ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬ টেস্ট খেলেও কোনো সেঞ্চুরির দেখা পাননি মুশফিক। তবে সময়ের সঙ্গে নিজেকে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। এখন পর্যন্ত টেস্টে ১৪টি সেঞ্চুরি করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ শতকের রেকর্ডও তার দখলে।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করেন মুশফিক। এরপর আরও দুবার এই কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যানও তিনি.

উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডও গড়েছেন মুশফিক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে আরও আটজন উইকেটকিপার দ্বিশতকের দেখা পেলেও একাধিকবার এই কৃতিত্ব দেখাতে পারেননি কেউ।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্টে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এর মধ্য দিয়ে শততম টেস্টে সেঞ্চুরি করা ক্রিকেটারদের বিশেষ তালিকায় জায়গা করে নেন অভিজ্ঞ এই তারকা।

দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন মুশফিক। ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়ে দলকে সাতটি জয় এনে দেন তিনি। এ ছাড়া তার নেতৃত্বে নয়টি ম্যাচ ড্র করে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে পরাজয়ের হার ছিল ৫২.৩৪ শতাংশ, যা বাংলাদেশের হয়ে একাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে সর্বনিম্ন।

মুশফিকের নেতৃত্বেই ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় করে বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ঐতিহাসিক জয় পায় টাইগাররা। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টেও মুশফিকের নেতৃত্বে জয় তুলে নেয় বাংলাদেশ।

লর্ডসে হাবিবুল বাশারের অধিনায়কত্বে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল মুশফিকের। এরপর নিজের নেতৃত্ব ছাড়াও আরও আটজন অধিনায়কের অধীনে খেলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই শেষ হবে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এই টেস্ট তারকার দীর্ঘ পথচলা।

রেকর্ড, অর্জন আর অসংখ্য স্মৃতিতে সমৃদ্ধ মুশফিকের এই বিদায় নিঃসন্দেহে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে রেখে যাবে এক দীর্ঘস্থায়ী ছাপ।