News update
  • Dhaka’s air quality 6th worst in the world this morning     |     
  • 109 BGB Platoons Deployed in Dhaka, Five Other Districts     |     
  • Bangladesh-Denmark May form Trade and Investment Committee      |     
  • Bangladesh—Pakistan trade crosses $1 b     |     
  • Dhaka Ranks 5th Among World's Most Polluted Cities on Friday      |     

লড়াই করেও পারল না বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-11-28, 10:34am

928528667_4893867804173972_3669121753382510841_n-69f522c4234c3c993068a142d487dc8a1795840464.jpg




ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের। তবুও একপ্রান্ত আগলে রেখে শাহাদাত হোসেন দিপুর সেঞ্চুরিতে মাঝারি সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ ‘এ' দল। বোলিংয়ের শুরুতে ভালো শুরু পেলেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি সাইফ হাসানের সতীর্থরা। এতে রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের কাছে ৫ উইকেটে হেরে আসর থেকে বিদায় নিল বাংলাদেশ।

শুক্রবার (২৭ নভেম্বর) ওমানের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৩৩ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে পাকিস্তান। অন্য সেমিফাইনালে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের শুরুতে উইকেটের পেছনে ক্যাচ দেন অধিনায়ক সাইফ হাসান। আলি রাজার একই ওভারে বোল্ড হয়ে ফেরেন মাহমুদুল হাসান জয়।

শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন শাহাদাত। তবে এই জুটিতে ১৩৭ বল খেলে বেশ ধীরগতিতে রান তোলেন দুজন। দলীয় একশ পেরোনোর পর সুফিয়ান মুকিমের বলে আউট হন অঙ্কন (৪২)। পরের ওভারেই মুকিমের শিকার হয়ে ফেরেন আফিফ হোসেন ও সাব্বির রহমান। দ্রুত উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

এরপর এসএম মেহেরব হাসানের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন শাহাদাত। কিন্তু ৪০তম ওভারে জোড়া ধাক্কা হানেন নাওয়াজ। ফেরান মেহেরব (২৮) ও মোহাম্মদ রুবেলকে (০)।

শেষদিকে রিপন মন্ডলকে নিয়ে ২৫ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন শাহাদাত। শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১১৮ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন শাহাদাত। আর রিপন অপরাজিত থাকেন ১৯ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সুফিয়ানড়ড়

লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারেই চার বলের ব্যবধানে দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসাইনকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন রিপন মন্ডল।

তবে তৃতীয় উইকেটে হাসান নাওয়াজ ও শাহজাইব খানের ১১০ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। একাদশ ওভারে ইকবাল হোসেনের বলে নাওয়াজের (তখন ১৩ রানে) সহজ ক্যাচ ছাড়েন মেহেরব। ফিফটি করার পর নাওয়াজ (৬২) ও শাহজাইব ফিরলে ম্যাচে ফেরার আভাস দেয় বাংলাদেশ।

কিন্তু অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসুফের ৫৬ বলে ৭৪ রানের জুটিতে বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায়। ৩৮তম ওভারে স্টাম্পিং থেকে বাঁচেন ইউসুফ, পরের ওভারে তার ক্যাচও হাতছাড়া হয়। শেষ পর্যন্ত ৪৬ রানে অপরাজিত থাকেন ইউসুফ, আর সামাদ করেন ৪৪ রান।