News update
  • Bangladesh Seeks Additional $10b From World Bank     |     
  • Fire at Chawkbazar market under control, four firefighters injured     |     
  • 3,156-pound pumpkin grown in Rhode Island is possible world record     |     
  • Explosions rock Riyadh as Iranian strikes on vessels in Hormuz intensify     |     
  • Nobel Peace laureate defends international justice amid US criticism     |     

সুইসাইড নোট লিখে জাবি শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলল কুমিল্লায়

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-10-13, 12:28pm

20261013_122247-2bc2dc2270a3a2a0fb4f1c95778bab631791872900.jpg




সুইসাইড নোট লিখে নিখোঁজ হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে।

সোমবার (১২ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দিতে শিবিরকর্মীদের একটি মেস থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবি শাখা শিবিরের প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান জানান, কুমিল্লায় থাকা শিবিরের কয়েকজন সদস্য মোহাইমিনুলের সন্ধান পেয়ে বিষয়টি তাকে জানান। পরে ফেরদৌস বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। এর আগে মোহাইমিনুল অন্য এক ব্যক্তির ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে তার বিভাগের সিনিয়র শাফিউজ্জামান শাহীনকে ফোন করে নিজের অবস্থান কুমিল্লার দাউদকান্দিতে বলে জানিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোহাইমিনুলের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দ্রুত তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হবে। তাকে খুঁজে বের করতে সহযোগিতা করায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ফেরদৌসের একটি পোস্ট থেকে বিষয়টি জানতে পারি। ফেরদৌস আমাদের পিআরওকেও বিষয়টি জানিয়েছিলেন, যাতে তিনি প্রশাসনকে অবহিত করেন। তার বড় ভাইদের সঙ্গে তার অবস্থানের বিষয়টিও প্রশাসনকে জানানো হয়। এভাবেই আমরা বিষয়টি সম্পর্কে অবগত হই।

তিনি আরও বলেন, শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া গেছে। আমি মনে করি, এটি আমাদের সবার একটি অর্জন। তাকে সুস্থ অবস্থায় আমাদের কাছে নিয়ে আসার পর তার সঙ্গে কথা বলে পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে। একই সঙ্গে তার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করারও আমরা চেষ্টা করব।

প্রসঙ্গত, গত রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর নিখোঁজ হন মোহাইমিনুল। পরে হলের কক্ষ থেকে তার লেখা একটি সুইসাইড নোট পাওয়া যায়, যেখানে বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এবং অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে।