News update
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-10-05, 7:13am

prdhaanmntrii_0-ca155e32c0f2756365139625ab4d3b411791162837.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে আসতে সম্মতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাকে সমাবর্তনে আমন্ত্রণ জানান। পরে রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাবির ৫৪তম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এই আমন্ত্রণ গ্রহণ করেন ও সমাবর্তন অনুষ্ঠানে যোগদানে সম্মতি জ্ঞাপন করেন।

রাষ্ট্রপতি সমাবর্তনে সভাপতিত্ব করবেন বলে আশা করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান গেস্ট অব অনার হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে ইতোমধ্যেই সম্মতি জ্ঞাপন করেছেন।

সাক্ষাতকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়; দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। তিনি শিক্ষা ও গবেষণার মান বাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।