News update
  • NCP Urges PM to Implement Verdict Against Sheikh Hasina     |     
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     

কুয়াকাটায় রাস উৎসবে লাখো পুন্যার্থীর সমাগম, কাল ভোরে পুণ্যস্নান

উৎসব 2026-11-23, 5:39pm

thousands-gather-at-the-ras-festival-of-the-hindu-community-at-kuakata-3b473149f94d0b2d3d0dbd5be3b7ff7e1795433964.jpg

Thousands gather at the Ras Festival of the Hindu Community at Kuakata. Holy bath Tuesday 24 November 2026



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় আজ সোমবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস উৎসব। আর এ উৎসবে যোগ দিতে লাখো পুন্যার্থীর সমাগম ঘটেছে কুয়াকাটায়।  আগামীকাল মঙ্গলবার পূর্নিমার তিথিতে ভোর সাড়ে ৫ টায় সমুদ্রে পুণ্যস্নানের মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল ধর্মীয় আয়োজন।

এ উপলক্ষে কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের অবস্থান ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রস্তুত করা হয়েছে উৎসবস্থল। বাহারি রঙে সাজানো হয়েছে ১৭ জোড়া প্রতিমা।

রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মণ্ডল বলেন, রাধাকৃষ্ণের পূজা, গঙ্গাস্নান, গীতাপাঠ, কীর্তন, সন্ধ্যা আরতি সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবারের রাস উৎসব উদযাপন করা হবে।

প্রতিবছর পূর্ণিমার আলোয় সমুদ্রের বুকে পুণ্যস্নানের অপেক্ষায় থাকেন হাজারো পুণ্যার্থী। বিশ্বাস ও ভক্তির টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা ছুটে আসেন কুয়াকাটায়। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে মূল ধর্মীয় আয়োজন। তবে রাস উৎসবের পাশাপাশি চলবে রাসমেলা।

কুয়াকাটার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ধর্মীয় এ আয়োজনকে ঘিরে প্রতিবছরের মতো এবারও পর্যটন ব্যবসায় বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। পুণ্যার্থী ও পর্যটকদের বরণ করতে হোটেল-মোটেলসহ পর্যটন নির্ভর ১৬টি পেশার ব্যবসায়ীরা প্রস্তুত। গত বছরের তুলনায় এবার ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তাঁরা।

কুয়াকাটা ট্যুরিস্ট  পুলিশ জোনের পুলিশ পরিদর্শক নাজমুল হাসান বলেন, রাস উৎসব ঘিরে আগত পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের টিম কাজ করছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, আমরা পৌরসভা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিগত বছরের চেয়েও প্রশাসনিক নিরাপত্তা জোরদার করেছি। 

 কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় গত বছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকটি দলে ভাগ হয়ে তাঁরা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, এসআরবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পুণ্যার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। - গোফরান পলাশ