News update
  • Tarique Warns of Fresh Conspiracies, Vows to Defend Sovereignty     |     
  • National Revolution and Solidarity Day Today     |     
  • Tarique Rahman Pays Tribute at Zia, Khaleda’s Graves     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • US Launches Fresh Strikes on Iran Amid Peace Efforts     |     

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-03-13, 8:49am

ereryrty-dcdcbf397b733d451d66a42f2b5423131773370166.jpg




ফাল্গুনের বিদায়লগ্নে দেশের ওপর দিয়ে আবারও কালবৈশাখীর ঝাপটা বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে দেশের ৯টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৩ মার্চ) রাত ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঝড়ো হাওয়া দেশের অভ্যন্তরীণ নৌপথগুলোতে অস্থিরতা তৈরি করতে পারে। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে।

আকস্মিক এই আবহাওয়ার পরিবর্তনের ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট জেলাগুলোর নদীবন্দর কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পাশাপাশি প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

সাধারণত ১ নম্বর নৌ-সতর্ক সংকেত দ্বারা বোঝানো হয় , সংশ্লিষ্ট এলাকা ক্ষণস্থায়ী ঝড়ো আবহাওয়ার কবলে পড়তে পারে, তবে তা বড় কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সমতুল্য নয়। তবুও ছোট লঞ্চ ও নৌকাগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টির এই ধারা কেবল আজকের মধ্যেই সীমাবদ্ধ নয়। আগামী ১২০ ঘণ্টা বা ৫ দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ঢাকা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।