News update
  • ‘May no other parent lose a child this way’, says Ramisa’s father     |     
  • 5 killed as car crashes into truck on Faridpur expressway      |     
  • Rawhide traders count losses as tanneries duck blame     |     
  • Iran warns of suspending US talks if Israeli attacks on Lebanon continue     |     
  • Girl missing after crocodile drags her into Bagerhat shrine pond     |     

পেট্রাপোলে আসছেন অমিত শাহ, বেনাপোলে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-10-26, 4:47pm




বেনাপোল বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোলে আধুনিক মানের প্যাসেঞ্জার টার্মিনালটি রোববার (২৭ অক্টোবর) উদ্বোধন করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে আজ শনিবার ও কাল রোববার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে সিদ্ধান্ত প্রত্যাহার করেন পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল (রোববার) পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগমনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আজ শনিবার ও আগামীকাল রোববার দুদিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাইনি। তবে আগামী সোমবার (২৮ অক্টোবর) থেকে আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে পেট্রাপোল ইমিগ্রেশনের পক্ষ থেকে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ নিয়ে তেমন কিছুই জানায়নি। তাই আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত আগের মতোই স্বাভাবিক থাকবে।

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক আলহাজ মতিয়ার রহমান জানান, এশিয়ার বৃহত্তম পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি-রপ্তানি কার্যক্রম দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। তবে আগামী সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।