
Technical College Principal Md. Abu Saleh
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় এক অধ্যক্ষকে হাতুড়ি দ্বারা পিটিয়েছে এক সন্ত্রাসী। ঘটনার পরপর স্থানীয়রা আহত অধ্যক্ষ মো. আবু সালেহকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। গতকাল সকালে কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ভিকটিম পরিবার সূত্র।
প্রত্যক্ষদর্শী ও ভিকটিম পরিবার সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে মর্নিং ওয়াক শেষে এতিমখানা চৌরাস্তা এলাকা থেকে কাঁচা বাজার নিয়ে বাসায় ফিরছিলেন ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আবু সালেহ। এ সময় বিএনপি পরিচয় দানকারী কুয়াকাটার জসিম নামের এক সন্ত্রাসী কোন কিছু বুঝে ওঠার আগেই অধ্যক্ষ আবু সালেহ'র দু'পায়ের হাঁটুতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। পরে স্থানীয়রা অধ্যক্ষ আবু সালেহকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে অধ্যক্ষ আবু সালেহ জানান, ওই ছেলের সাথে আমার কোন বিরোধ নেই। আমি তাকে ভালো চিনিও না। পরে জেনেছি ওই সন্ত্রাসী ছেলেটার নাম জসিম। তার পিতা আবু সাঈদ মিয়া কুয়াকাটা বিএনপি'র একজন নেতা।
অধ্যক্ষ আবু সালেহ আরও জানান, হাসপাতালে চিকিৎসা নিয়ে নিরাপত্তার কথা ভেবে স্বজনরা আমাকে বাসায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, এ বিষয়টি আমি অবগত নই। তবে একজন অধ্যক্ষকে এভাবে হাতুড়ি দিয়ে আঘাত করা সমীচীন হয়নি।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে। - গোফরান পলাশ